অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দরিদ্র, দুস্থ ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৩০টি সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে এসব নারী নিজেদের পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সমাজের উন্নয়নেও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।
তিনি উপকারভোগীদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সেলাই পেশাকে আয়বর্ধক কর্মকাণ্ডে পরিণত করা এবং নিজেদের স্বনির্ভর হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আমিনুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট জি. এম সাইফুল ইসলাম মিনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৩০ জন দরিদ্র, দুস্থ ও বিধবা নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
