শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা তুলে ধরা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাকিব হোসেন ও দিপ্তী ত্রিপুরা, স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, নার্সিং ইনচার্জ নীলিমা রানী দে প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় স্বাস্থ্য কর্মী ও সাংবাদিকরাও অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে|
