জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর শাখা।
রোববার (৩ আগস্ট) নগরীর মুরাদপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেইট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখতে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্র-জনতা ও জুলাইযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বলে আয়োজকেরা জানান।
