চট্টগ্রাম নগরীতে জাতীয় ছাত্রশক্তির মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিককে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
সোমবার (৪ আগস্ট) বিকেলে নগরের ষোলশহর রেলস্টেশন থেকে জাতীয় ছাত্রশক্তির মিছিলটি বের হয়ে কাজীর দেউরি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের অভিযোগ, মিছিলের ছবি ও ভিডিও ধারণের সময় কয়েকজন কর্মী তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে তাদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া এবং অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।
টাইমস টুডের চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত হোসেনের অভিযোগ, সাংবাদিক পরিচয় দেওয়ার পর প্রেস কার্ড দেখানোর সুযোগ পাওয়ার আগেই আব্দুল্লাহ আল মাহাতির তার ঘাড় চেপে ধরে ধাক্কা দেন।
আরাফাত বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাকে হেনস্তা করা হয়েছে এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্তের কাছে যান এনপিবি নিউজের চট্টগ্রাম প্রতিনিধি শহিদুল ইসলাম মাসুম, টাইমস টুডের আরাফাত হোসেন এবং চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক আব্দুর রহমান ইমন। তাদের অভিযোগ, এ সময়ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
আব্দুর রহমান ইমন বলেন, কথা বলার সময় তাকে ‘তুই’ সম্বোধন করা হয় এবং অসম্মানজনক আচরণ করা হয়। উপস্থিত অন্যান্য সাংবাদিকের সঙ্গেও রূঢ় আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সাংবাদিকদের হেনস্তার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণের ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
