back to top
Saturday, September 5, 2026

চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছলেন প্রধানমন্ত্রী

ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০২৬ ১০:৪১

চট্টগ্রামের ফটিকছড়িতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।৯ আগষ্ট ৩ টা ২০ মিনিটের সময় উপজেলার পাইন্দং সিএমবি মাঠে তৈরিকৃত হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি।
এ সময় স্থানীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার আলমগীর,রাউজানের সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,রাঙ্গুনিয়ার সাংসদ হুম্মাম কাদের চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম,সাবেক বিচারপতি এডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
পরে তিনি বুলেটপ্রুফ বাসযোগে নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে রওনা হন।
সেখানে তিনি প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেমদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করবেন।প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসায় নেওয়া হয়েছে ব্যপক প্রস্তুতি।মাদরাসায় তৈরি হয়েছে বিশেষ প্যান্ডেল।

এদিকে পাইন্দং থেকে নাজিরহাট পর্যন্ত রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য জনসাধারণ প্রধানমন্ত্রীকে দেখার জন্য উপস্তিত হয়। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সর্বত্র।
তারা এ সময় তারেক রহমানেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।এদিকে এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-২) সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সার্বিক উন্নয়নের দাবিগুলো তাঁর কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রতিফলিত হবে।
তিনি আরও জানান, সফরকালে ফটিকছড়ির টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা ও বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন ও অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনগণের ব্যবহারের ব্যবস্থা করা, এলাকার ১৮টি চা-বাগান ও ৪টি রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ দেওয়া এবং অব্যবহৃত ও বিস্তীর্ণ খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।

মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যেই একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন। তিনি নিশ্চিত করেন যে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদরাসার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওই দিন সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর সফরে যেভাবে প্রস্তুতি ও নিরাপত্তা প্রয়োজন সেভাবে নেওয়া হয়েছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সফরের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।

ফটিকছড়িতে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে অবস্থান ও মোনাজাতে অংশ নেবেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা পুনর্বাসন অনুষ্ঠানে উপস্থিতি হবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ