রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকায় এক পারিবারিক জেয়াফত উপলক্ষে বর্ণাঢ্য দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট (শুক্রবার) ৪ নম্বর গহিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দলইনগরস্থ ছমদ আলী মুন্সির বাড়ির প্রখ্যাত ব্যবসায়ী নাজিম সওদাগড়ের নিজ বাড়িতে দিনব্যাপী এ মেজবানের আয়োজন করা হয়। প্রবাসী ব্যবসায়ী মো. মঞ্জুরুল আলম, প্রবাসী মো. মোবারক হোসেন, মো. ওসমান গণী, এস এন ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দীন এবং বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীনের নানীর জেয়াফত উপলক্ষে এ সভার আয়োজন করে তাঁদের পরিবার।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতিতে আয়োজিত এই বিশাল মেজবানিতে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ আতিথেয়তা গ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয় এবং উপস্থিত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গহিরা দলইনগরে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠিত, অংশ নিলেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ
হাসান চৌধুরী | ০৯ আগস্ট, ২০২৬ ১৭:৩৪
