back to top
Saturday, September 5, 2026

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান মোরশেদ হাসানের

তৌহিদ-উল বারী বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: | ১০ আগস্ট, ২০২৬ ০৯:৫০

দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হলে সাংগঠনিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের কারানির্যাতিত সংগঠক মোহাম্মদ মোরশেদ হাসান।

আজ সোমবার (১০ আগষ্ট) এক বিবৃতিতে তিনি বলেন, তৃণমূলের সাংগঠনিক নেতাকর্মী বলতে শুধু পদ-পদবি বহনকারী কিংবা দলীয় কর্মসূচিতে উপস্থিত হওয়া ব্যক্তিদের বোঝায় না। যারা নিয়মিত কর্মী তৈরি করেন, দলীয় কর্মসূচিতে নিজস্ব অর্থ ও শ্রম ব্যয় করে নেতাকর্মীদের সংগঠিত করেন এবং দলের কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে ভূমিকা রাখেন- তাদের মূল্যায়ন করা প্রয়োজন।

মোরশেদ হাসান বলেন, যারা খেয়ে না খেয়ে দলকে ভালোবেসে কাজ করেন, দলের বিপদে ঝাঁপিয়ে পড়েন এবং নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলের সঙ্গে থাকেন, তারাই তৃণমূলের প্রকৃত শক্তি।

একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, শুধু নেতার বাসায় নিয়মিত হাজিরা দেওয়া, পদ-পদবির জন্য সক্রিয় থাকা কিংবা নির্বাচনকেন্দ্রিক ব্যক্তিগত সুবিধা নেওয়ার মানসিকতা সাংগঠনিক রাজনীতিকে দুর্বল করতে পারে।

অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন- এমন ব্যক্তিদের বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তবে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার উল্লেখ করেননি মোরশেদ হাসান।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী এখন দলের সুসময়ে নতুন করে বঞ্চনার মুখোমুখি হচ্ছেন। নেতাদের ঘনিষ্ঠতা, ব্যক্তিগত প্রভাব কিংবা বিভিন্ন ধরনের ‘দালালি’র মাধ্যমে কেউ কেউ সাংগঠনিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে মোরশেদ হাসান বলেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা নেতারা যথাযথভাবে অনুসরণ করলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। অন্যথায় ভবিষ্যতে দল সাংগঠনিক সংকটে পড়তে পারে।

তিনি বলেন, সর্বোচ্চ নেতৃত্বের কাছে মাঠপর্যায়ের বাস্তবতার খবর রয়েছে। তাই তৃণমূলের নেতাকর্মীদের বিষয়ে দেওয়া নির্দেশনা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করা প্রয়োজন।

মোরশেদ হাসান নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, তৃণমূলের প্রকৃত সাংগঠনিক শক্তি চিহ্নিত করা এবং তাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মতামত ও অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ