back to top
Saturday, September 5, 2026

মাইজদীতে নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

নুশরাত রুমু, নোয়াখালী : | ১৩ আগস্ট, ২০২৬ ১৭:৫৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি পুলিশের চারটি ইউনিফর্ম, তিনটি ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার সাতজনকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার শহীদুল ইসলাম শুভ চৌধুরী (৩২), চররুহিতা এলাকার রুবেল হোসেন (২৯), রাজশাহীর মাড়িয়া এলাকার জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার ওন্দারহাট এলাকার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের উত্তর হাইট কান্দি এলাকার শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর পরশুরাম উপজেলার শুভার বাজার এলাকার নাদির (২৯) এবং ঢাকার বংশাল এলাকার শরীফ মিয়া (৫৫)।

পুলিশ জানায়, ২০২৩ সালে পারিবারিকভাবে ওই নারীর সঙ্গে শুভ চৌধুরীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে কলহের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শুভ তার সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) গভীর রাতে সিআইডি পুলিশের ইউনিফর্ম পরা কয়েকজন ব্যক্তি ওয়াকিটকি হাতে নিয়ে মাইজদীর বসুন্ধরা কলোনিতে ওই নারীর বাসার সামনে যান। তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কথা বলে দরজায় কড়া নাড়েন।

একপর্যায়ে রিকল দেখানোর কথা বলে তারা ওই নারীর বাবা আতাউর রহমানকে ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করেন। পরে শুভ চৌধুরী তার সাবেক স্ত্রীর কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
ঘটনা বুঝতে পেরে নারীর স্বজনরা বাসার মূল ফটক বাইরে থেকে বন্ধ করে দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা আতাউর রহমান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ