মাছের প্রজনন মৌসুমে মা মাছ আহরণ বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণের আহ্বানের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। আলোচনায় বক্তারা বলেন, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশীয় মাছের প্রজনন মৌসুম হওয়ায় নদী, খাল, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয় থেকে মা মাছ আহরণ না করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতিতে চাষ ও প্রজননক্ষেত্র সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
