back to top
Saturday, September 5, 2026

কাপ্তাই হ্রদে নৌকা ডুবি: সন্তানকে বাঁচিয়ে নিঁখোজের ১৬ ঘন্টা পর পিতার মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | ১৭ আগস্ট, ২০২৬ ১১:৫২

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে সন্তানকে বাঁচিয়ে নিঁখোজের ঘটনার ১৬ ঘন্টা পর পিতা ফালান মিয়ার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় লংগদুর গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের জেলে ফালান মিয়া মাছ ধরার একটি ছোট নৌকায় সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিল আট-নয় বছরের শিশুপুত্র।

কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান মিয়া। একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকা তাদের দেখতে পায়। তখন নিজের সর্বশেষ শক্তি দিয়ে ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন তিনি।

সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরই হ্রদের পানিতে তলিয়ে যান ফালান মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিজের জীবন বিপন্ন জেনেও সন্তানকে বাঁচিয়ে রাখার এই আত্মত্যাগের ঘটনা এলাকায় গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ