back to top
Saturday, September 5, 2026

বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি | ১৯ আগস্ট, ২০২৬ ১২:১৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

মামলায় বিএনপির ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বুধবার (১৯ আগষ্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বানুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে ১৩ আগস্ট বাঘাইছড়ি থানায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন’-এর আওতায় পরিবেশ অধিদপ্তর এই মামলাটি দায়ের করে।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলাগুলো অধিদপ্তর নিজেই পরিচালনা করে; অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ আইনি প্রক্রিয়ার সব ধাপ তারাই সম্পন্ন করে।

অভিযানের সময় সংশ্লিষ্ট দল পাঁচটি স্তূপ থেকে ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং তিনটি বালু উত্তোলনের মেশিন জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, একই অপরাধের জন্য উপজেলা প্রশাসন এর আগেও ওমর আলীকে ১ লাখ টাকা জরিমানা করেছিল।

এতে আরও বলা হয়, তিনি ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ (২০১০ সালে সংশোধিত)-এর ১২ ধারা লঙ্ঘন করেছেন, যার ফলে তিনি উক্ত আইনের ১৫(১) ধারার ক্রমিক ১২ অনুযায়ী শাস্তির যোগ্য।

এর আগে, গত ১১ জুলাই বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তর্ষি সাহা ওমর আলীর বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ওই জিডিতে ওমর আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর অন্যায্য চাপ প্রয়োগ এবং পিআইও কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল।

ইতোপূর্বে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জেলা বিএনপি ওমর আলীর পদ স্থগিত করেছিল।

অভিযোগের বিষয়ে মো. ওমর আলী বলেন, আমি ১০ আগস্ট থেকে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। বালি উত্তোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সরঞ্জামও নেই। একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আমাকে এসব মামলায় ফাঁসাচ্ছে।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন জানান, বাঘাইছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক।

আরও পড়ুন

সর্বশেষ