back to top
Saturday, September 5, 2026

উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটি প্রতিনিধি | ২৩ আগস্ট, ২০২৬ ১২:১৬

উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন করা সম্ভব নয়; এইজন্য মানব সম্পদের উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

রোববার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আজকে শুধু ফ্রিল্যান্সার তৈরি করলেন না তারা উদ্যোক্তাও তৈরি করলেন। ফ্রিল্যান্সারদের জন্য আমাদের সরকার নানা সুযোগ-সুবিধা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবন তৈরি করছে। ফ্রিল্যান্সাররা তাদের কাজের উপার্জিত অর্থ দেশে আনতে চরম বেগ পেতে হতো। কিন্তু বর্তমান সরকার এ ব্যবস্থা অত্যন্ত সহজ করে দিয়েছে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মানব সম্পদ উন্নয়নে আরও বেশি কাজ করবে এবং পার্বত্য মন্ত্রণালয় থেকে সব রকম সহযোগিতা করা হবে বলে যোগ করেন তিনি।

এমপি হেলাল উদ্দীন আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় রংধনু জাতির কথা বলে থাকেন। রংধনু মানে সুন্দর। পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায় এ অঞ্চলের উন্নয়নে, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে মিলে মিশে ঐক্যবদ্ধ থেকে কাজ করবে এমনটা প্রত্যাশা আমাদের।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, সদস্য অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জাহিদ ইকবাল, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান, নারীদের মাঝে সেলা মেশিন বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করেন আগত প্রধান অতিথি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়- তিন পার্বত্য জেলায় ২০০ জনকে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫০জন নারীকে সেলাই মেশিন এবং ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

এরপর প্রতিমন্ত্রী রাঙামাটি পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন, বিকেলে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হতে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন এবং মহাপুরম খালের উপর ব্রিজ উদ্বোধন করেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটি এসে রাঙামাটি জেলা পরিষদের আয়োজিত ই-লার্নিং সেন্টার এর উদ্বোধন করেন।

আরও পড়ুন

সর্বশেষ