চট্টগ্রামের রাউজানে পারিবারিক মনসা মায়ের মন্দিরে ভক্তির ভঙ্গিতে প্রবেশ করে প্রতিমায় অর্পিত পাঁচ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গয়না চুরির অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে চুরি যাওয়া গয়নার সিংহভাগ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সিয়াম উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মোটর মেকানিক মিজানুর রহমানের ছেলে। রোববার (২৩ আগস্ট) দুপুরে মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির পারিবারিক মনসা মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত নিয়মিত পূজা অর্চনা শেষে অল্প সময়ের জন্য পাশের বাড়িতে গেলে এ সুযোগে এক তরুণ মন্দিরে প্রবেশ করে প্রতিমায় অর্পিত গয়না নিয়ে পালিয়ে যায়।
চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর মন্দির কর্তৃপক্ষ রাউজান থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন তরুণের অবস্থান শনাক্ত করা হয়। পরে টানা অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যায় পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিয়ামের বসতঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের আলমিরা তল্লাশি করা হয়। সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার গয়নার সিংহভাগ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা। এসব স্বর্ণালংকারের মোট ওজন দুই ভরি এক আনা এবং আনুমানিক বাজারমূল্য চার লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া রুপার একটি গলার চেইন ও এক জোড়া নূপুর উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন চার ভরি এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
মন্দিরের প্রতিষ্ঠাতা ও মামলার বাদী আশুতোষ সিংহ বলেন, এটি তাদের পারিবারিক মনসা মায়ের মন্দির। নিয়ম অনুযায়ী মনসা পূজা শেষে পরবর্তী দশ দিনের জন্য দেবীর প্রতিমায় গয়না অর্পণ করে রাখা হয়েছিল। পূজা শেষে তারা শহরে চলে যান। শনিবার সকালে পুরোহিত নিয়মিত পূজা অর্চনা শেষে অল্প সময়ের জন্য পাশের বাড়িতে গেলে ফিরে এসে প্রতিমার গয়না দেখতে পাননি।
তিনি বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরি যাওয়া গয়নার সিংহভাগ উদ্ধার করেছে।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে এক তরুণ হেঁটে এসে মন্দিরের সামনে দাঁড়ায়। এরপর দুই হাত জোড় করে ভক্তির ভঙ্গিতে কিছুক্ষণ এদিক-সেদিক তাকিয়ে থাকে। একপর্যায়ে মন্দিরের গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে। প্রায় তিন মিনিট পর, ১২টা ১৬ মিনিটের দিকে মন্দির থেকে বের হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, চুরির সংবাদ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মীর কাশেমের নতুন বাড়ি থেকে মুশফিকুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের শয়নকক্ষে থাকা স্টিলের আলমিরা থেকে চুরি হওয়া গয়না উদ্ধার করা হয়েছে। ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গয়নার সিংহভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি পূর্বপরিকল্পিত চুরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই তরুণ মন্দিরে এসে সনাতন ধর্মাবলম্বীদের মতো ভক্তি প্রদর্শন করত বলে তথ্য পাওয়া গেছে।
রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত বলেন, সিয়াম এর আগেও কয়েকবার হিন্দু বেশে মোমবাতি ও আগরবাতি নিয়ে মন্দিরে এসে প্রতিমার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেছিল। পরবর্তীতে সুযোগ বুঝে সে গয়না চুরি করে নিয়ে যায়। নগরীর পাথরঘাটা মনোহর কালীবাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, রাউজান থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গয়নার সিংহভাগ উদ্ধার করায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হিন্দু বেশে ভক্তির আড়ালে মনসা মন্দিরে গয়না চুরি, ছয় ঘণ্টায় উদ্ধার; গ্রেপ্তার ১
গাজী জয়নাল আবেদীন, রাউজান:: | ২৩ আগস্ট, ২০২৬ ১৭:১০
