back to top
Saturday, September 5, 2026

আল-কুরআন প্রাইভেট মাদরাসায় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের চরিত্র গঠনে সচেতনতার আহ্বান

তৌহিদ-উল বারী, (চট্টগ্রাম): | ২৪ আগস্ট, ২০২৬ ১০:৪৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব-মনকিচর আল-কুরআন প্রাইভেট মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, আদব-কায়দা ও সুন্দর চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আল-কুরআন প্রাইভেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আহমদ ছগিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা, শিক্ষানুরাগী ছমুদুল হক সামাদ, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আবু বকর এবং শিক্ষার্থীর অভিভাবক হামিদা বেগম।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা সাহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক মুহাম্মদ ছানাউল্লাহ।

বক্তারা বলেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষা ও উত্তম চরিত্র গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নামাজ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নয়, বরং সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্যও পরিবারকে সময় দিতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ ছগির বলেন, ‘শিক্ষার্থীদের কুরআন শিক্ষার পাশাপাশি তাদের আদর্শ চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই মাদরাসার অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে।’

পরে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার ছবক প্রদান করা হয় এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ