চট্টগ্রামের ফটিকছড়িতে তানজিব (২৫)নামের এক যুবককে চার লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়া থেকে উদ্ধার করা হয়েছ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,উক্ত যুবক চার লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়ায় উঠে বসে ছিল। সকাল থেকে শুরু হওয়া এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।
জানা যায়, স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই যুবককে বিশাল আকৃতির বিদ্যুতের খুঁটির একেবারে চূড়ায় দেখতে পান। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ ভোল্টেজের এই লাইনে যুবককে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। কয়েক ঘন্টা প্রচেষ্ট চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনেন।
এদিকে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়।
সে ভোলা জেলার,চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের উত্তর চর কলমী এলাকার সোহরাব সরদারের পুত্র।
যুবকটি কী কারণে বা কীভাবে এতো উঁচুতে চার লাখ ভোল্টের খুঁটিতে উঠলেন, এখানে কিভাবে এলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভুজপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) বিপুল চন্দ্র দে জানান,উক্ত ছেলেটিকে আজকে বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ার উপর থেকে নামানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে।
