নোয়াখালীতে একটি বাসায় চুরির অভিযোগে ঢুকে এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুর এলাকায় বসুন্ধরা কলোনির পাশে টুনি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
আহত স্কুলছাত্রীর নাম আফরা ইভনাত (১২)। সে ওই এলাকার এবিএম মোকাররম হোসেনের মেয়ে এবং হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। হামলায় তার হাত, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আফরা ও তার পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে আফরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বাবা-মা বাসার বাইরে ছিলেন। হঠাৎ বাসার একটি কক্ষে অপরিচিত এক তরুণকে দেখতে পেয়ে সে চিৎকার করে। ওই তরুণ বাসা থেকে বের হওয়ার সময় আফরা তাকে ধরার চেষ্টা করলে যুবকটি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
পরে আফরার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, ঘটনার পর পাশের একটি বাসা থেকে গায়ে কাদা মাখা অবস্থায় ওই যুবককে আটক করা হয়। এ সময় সে নিজেকে মাদক বিক্রেতা হিসেবে পরিচয় দেয় বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের কাছে ওই যুবক দাবি করে, গত রাতে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নোয়াখালী রেলস্টেশনে আসে। পরে প্ল্যাটফর্মে সাদ্দাম নামে এক যুবকের কাছে গাঁজা বিক্রি করে। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে বসুন্ধরা কলোনির পাশ দিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়।
আটক যুবক নিজেকে কখনো জিসান, আবার কখনো মেহেদি নামে পরিচয় দিয়েছে। তার বাড়ি কুমিল্লার শাসনগাছা এলাকায় বলে সে জানিয়েছে।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে চুরি ও স্কুলছাত্রীকে হামলার অভিযোগের পাশাপাশি তার মাদকসংক্রান্ত দাবির বিষয়টিও যাচাই করা হচ্ছে।
