back to top
Saturday, September 5, 2026

রামগড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা, চিকিৎসাসেবা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শ্যামল রুদ্র, রামগড় | ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭

 বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান ও নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার সকাল আটটায় উপজেলার সনাতন সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। এটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। শোভাযাত্রায় নারী-পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

শোভাযাত্রার আগে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাঁরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে মন্দিরে অখণ্ড গীতা পাঠ শুরু হয়। রাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১১টায় শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়েছে বলে জানান মন্দিরের প্রধান পুরোহিত মৃদুল চক্রবর্তী।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসাসেবা দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ স্নেহাশীষ মহাজন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ তাপস চৌধুরী এবং গাইনি বিশেষজ্ঞ শুভ্রা দেবনাথ। এ ছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির সভাপতি বাদল চক্রবর্তী বলেন, ‘ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করতেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে।’ সনাতন ছাত্র ও যুব পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন চৌধুরী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সামাজিক ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।’ দিনব্যাপী আয়োজনে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ