back to top
Saturday, September 5, 2026

শিক্ষার্থীদের নিয়ে সনাক চকরিয়া’র উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বশির আল মামুন, চট্টগ্রাম: | ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৫

চকরিয়ায় সনাক আয়োজিত তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনে দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরী, শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার ও জবাবদিহিতা চর্চা জোরদার এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চকরিয়া আবাসিক মহিলা কলেজে অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করেন টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা এবং ‘দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের ভূমিকাই মুখ্য’ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা দুই গ্রুপে ভাগ হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন। এর আগে কলেজের অধ্যক্ষ জুবাইদুল হকের সভাপতিত্বে এবং কর্মসূচি বাস্তবায়ন সহকারি সাদিয়া নুসরাত এর সঞ্চালনায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহ-দলনেতা পুস্পিতা চৌধুরী। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুদ্দিন ফরায়েজি, সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীল, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উপজেলা সভাপতি ইবরাহীম মুহাম্মদ, সনাক সদস্য কবি জামাল সাকিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক চকরিয়ার সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্রান্তিলগ্নে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছে ঠিক একইভাবে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। বক্তারা প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তি জীবনে সততা, দেশপ্রেম ও শুদ্ধাচারের চর্চা করার আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী সামাজিক অন্দোলনে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে কুইজ ও বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ