খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকা রামগড় থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করে। পুলিশের তল্লাশিতে ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে আরও ২৩ পিস ইয়াবা এবং একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের খাগড়াছড়ির আদালতে পাঠানো হয়েছে।
