চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল গরুগুলো আটক করে। বিজিবির হিসাবে, গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। সকাল ছয়টার দিকে ভারত থেকে তিনজন ব্যক্তি ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যান।পরে ঘটনাস্থল থেকে ১০টি গরু জব্দ করে বিজিবি।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
