back to top
Tuesday, October 20, 2026

মাইজদী হাসপাতাল রোডে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নুশরাত রুমু, নোয়াখালী : | ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫

নোয়াখালী সদর উপজেলার মাইজদী সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে পরিচালিত এ অভিযানে খাবার হোটেল, কনফেকশনারি ও ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানে দীর্ঘদিন জমিয়ে রাখা পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, নিম্নমানের লবণ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মেনে খোলা অবস্থায় খাবার প্রদর্শনের অভিযোগে মেসার্স মতিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। একই অভিযানে অনুমোদনহীন ও লেবেলবিহীন কসমেটিকস বিক্রি এবং বিদেশি পণ্যে ইচ্ছেমতো মূল্য ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স ফুড পয়েন্ট কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবহৃত প্রাইস ট্যাগ গানও জব্দ করে ধ্বংস করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ পৃথক স্থানে না রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স মিজান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং এএসআই কামালের নেতৃত্বে সুধারাম থানার পুলিশের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন

সর্বশেষ