চট্টগ্রামের ফটিকছড়িতে আবারো একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার মঙ্গলচণ্ডী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার বিভিন্ন সামগ্রী, তিনটি ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, “মন্দিরের পূজার জিনিসপত্র, তিনটি ঘট এবং ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে। আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এমনকি আজকের পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তারা রেখে যায়নি।”
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, “দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়ক এলাকায় মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে চুরি হয়। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে প্রতিমার গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের প্রণামীর টাকা নিয়ে যায়। এই ঘটনায় মন্দিরের সভাপতি পরেশ কুমার থানায় অভিযোগ ও করেন।
এদিকে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় চুরি,ডাকাতি,ছিনতাই আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে উদ্ধিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী।
ফটিকছড়িতে এবার দিন দুপুরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২৯ সেপ্টেম্বর উত্তর উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুলের সামনে ছিনতাইের ঘটনা ঘটে। একাধিক সিএনজি অটোরিকশা থামিয়ে টাকা-মোবাইল লুট করে ছিনতাইকারীরা। এ সময় এক সিএন জি অটোরিকশা চালককে মারধর করে রক্তাক্ত করে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফটিকছড়ি উত্তর উপজেলায় – মিরসরাই সীমান্তে নয়াটিলা মাজারের পূর্ব পাশে ট্রাক চালককে কুপিয়ে জখম করে তার সাথে থাকা সবকিছু নিয়ে যায়।
এরআগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপিস্থ শাহনগর গ্রামের দারগ্ আলী তালুকদার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসত ঘরের প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের পরিবার সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাত দল হানা দেয়। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার।
১৭ সেপ্টেম্বর রাতের যেকোন সময় নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ টেকের দোকান এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
১০ সেপ্টেম্বর গভীররাতে ফটিকছড়ি উপজেলার কিপাইত নগর মুনিরুল উলুম দাখিল মাদরাসার তালা তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
৬ সেপ্টেম্বর ফটিকছড়ি উত্তর উপজেলায় ভূজপুর ইউনিয়নের পোদ্দার পাড়া এলাকায় মানুষ শূন্য একটি ঘরের দরজার তালা কেটে ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় তিন কিশোর চোরকে আটক করেছে স্থানীয়রা।
খবর নিয়ে জানা গেছে, ফটিকছড়ি উত্তর উপজেলায় হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নে প্রতি রাতে গরু চুরির ঘটনা ঘটে।
একসময় বিচ্ছিন্নভাবে ঘটলেও বর্তমানে এ ধরনের চুরি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। ফলে অনেক পরিবার রাতের বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সংরক্ষণের চেষ্টা করছেন।
এ ব্যাপারে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়ির পেছনের অংশ বা নির্জন স্থান দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়। শুধু একটি-দুটি এলাকায় নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে একই কৌশলে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতের টহল জোরদারের দাবি জানান।
এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় মানুষ।
এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, একাধিক ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছিলাম কিন্তু কারো পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় আমরা মামলা নিতে পারিনি। তিনি বলেন- রাতে টহল টীমের পাশাপাশি পুলিশ অতিরিক্ত দায়িত্ব পালন করছে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল টীম বাইরে থাকছে।
উপজেলার বিভিন্নস্থানে পরিত্যক্ত মালামাল খোঁজার নামে দিন দুপুরে চুরি করছে চোরের দল। সম্প্রতি নাজিরহাট এলাকায় এমন কয়েকটি ঘটনা ঘটে।
