চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দির চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
গত ২১ সেপ্টেম্বর রাতে সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়ক এলাকায় মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে চুরি হয়। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে প্রতিমার গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের প্রণামীর টাকা নিয়ে যায়। এই ঘটনায় মন্দিরের সভাপতি পরেশ কুমার থানায় অভিযোগ ও করেন।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দপুর ও লেলাং এ মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় চুরি,ডাকাতি,ছিনতাই আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে উদ্ধিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী।
