নোয়াখালীতে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম অব ভলেন্টিয়ারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাফল্য উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মাইজদী কনভেনশন হলে আড়াইটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
তিন বছরের পথচলায় শিক্ষা, শিশুদের উন্নয়ন, মানবিক সহায়তা, পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে টিম অব ভলেন্টিয়ার। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংগঠনের কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম অব ভলেন্টিয়ারের উপদেষ্টা ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। সভাপতির অনুপস্থিতিতে অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা দুর্জয় ভৌমিক। এছাড়া জেলা সমাজসেবা, যুব উন্নয়ন, শিক্ষা, ব্যবসা ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন বছরের কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনের দুইজনকে সেরা নেতৃত্ব সম্মাননা এবং সাতটি সহযোগী প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া Youth Volunteers Academy-এর শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অবদানের জন্য নয়জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
স্বল্প খরচে শিশুদের পড়াশোনার সুযোগ দিতে পরিচালিত Youth Volunteers Academy-এর ১৭ জন শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করে পুরস্কার ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। পাশাপাশি নোয়াখালীতে শিশু, শিক্ষা ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করায় ১২টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, গত তিন বছরে টিম অব ভলেন্টিয়ারের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন, তাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণ সংগঠনের পথচলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবিকতার এ কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
