২৬ সেপ্টেম্বর শনিবার শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর মহিলা সংগঠন আলোর পথে’র উদ্যোগে এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ ও মহিয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রহ.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন ফটিকছড়ি মাইজভাণ্ডার শরিফ আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আবুল কালাম। তিনি তাঁর আলোচনায় অলি আউলিয়াগণের আগমন, জীবন দর্শন এবং মানবতার কল্যাণ ও আত্মশুদ্ধির পথে তাঁদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মহীয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রহ.)-এর আধ্যাত্মিক জীবন, ত্যাগ ও আদর্শিক ভূমিকা মাহফিলে গুরুত্বের সাথে স্মরণ করা হয়। এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাশরেকা সুলতানা মুক্তা এবং তাসনিয়া শাহজাহান শুভ্রা। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সানজিদা আক্তার এবং পবিত্র নাতে রাসুল (দ.) পরিবেশন করেন সৈয়দা সিদরাতুল মুনতাহা। গাউসে পাকের স্মরণে মানকাবাত পরিবেশন করেন ওয়াজিহা রহমান প্রিয়তা এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন জুলিয়া আক্তার। অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সাফা মোতালেব সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষিকা শামীমা আক্তার।
আলোচনা শেষে দরুদ ও সালাম পেশ বিশেষ করে মুসলিম উম্মাহ্্র সুখ-শান্তি এবং সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অলি আউলিয়াগণের জীবন দর্শন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড ও আত্মশুদ্ধি মানুষকে সঠিক পথের দিশা দেয়
ফটিকছড়ি প্রতিনিধি | ০৪ অক্টোবর, ২০২৬ ১২:৩২
