নোয়াখালীর বেগমগঞ্জে চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ শ্রীবাস চন্দ্র দাস (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার সেতুভাঙ্গা দোকঘর এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, সেতুভাঙ্গা দোকঘর এলাকায় সুগন্ধা কিং পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ডিএনসির সদস্যরা। এ সময় বাসের যাত্রী শ্রীবাস চন্দ্র দাসের দেহ তল্লাশি করে একটি কালো স্কুল ব্যাগ থেকে ৩৭৫ মিলিলিটারের একটি ম্যাকডোয়েলস ও ৩৭৫ মিলিলিটারের একটি ম্যাজিক মোমেন্টস ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি রেডমি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাস ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) ক্রমিকে মামলা করেছেন।
