back to top
Tuesday, October 20, 2026

রাঙামাটিতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | ০৬ অক্টোবর, ২০২৬ ১২:৪৭

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন।

দণ্ডপ্রাাপ্ত মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের কাজ করতেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসামি। একপর্যায়ে আসামির অন্যত্র বিয়ে ঠিক হলে ভিকটিম তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।

এর জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে সুমির মাথায় ইটের আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন আসামি মাহিবুর। পরে প্রমাণ লোপাট করতে সিগারেটের আগুন দিয়ে মরদেহ আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের পরিত্যক্ত টয়লেট থেকে ওই তরুণীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম জানান, আমরা এ রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।

আরও পড়ুন

সর্বশেষ