খাগড়াছড়ির রামগড়ে বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিদেশি মদ ও বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ভারতীয় সিগারেট ও বিভিন্ন ধরনের ট্যাবলেট। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত গুইমারা সেক্টরের অধীন ২৩, ৪০ ও ৪৩ বিজিবির বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি বলেন, সীমান্ত দিয়ে একটি মাদকের প্যাকেটও যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেটিই হবে মাদকবিরোধী অভিযানের প্রকৃত সাফল্য। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, ২৩, ৪০ ও ৪৩ বিজিবির অধিনায়ক, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
