কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডাকাত ও জলদস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের চকরিয়া থানাধীন বদর আউলিয়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫-৬ জন সন্ত্রাসী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৬ অক্টোবর রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় দোনলা বন্দুক এবং ১৭ রাউন্ড তাজা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
আটকরা হলেন—কক্সবাজার জেলার বাসিন্দা আখতার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা বিভিন্নভাবে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করত।
জব্দ করা আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে
চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
বশির আল মামুন, চট্টগ্রাম: | ০৭ অক্টোবর, ২০২৬ ১৭:৩২
