back to top
Tuesday, October 20, 2026

লংগদুতে স্কুল থেকে ফেরার পথে ব্রিজ থেকে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর, ২০২৬ ১৭:২৯

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ব্রিজ থেকে পানিতে পড়ে রাফি ইসলাম (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ইসলাম উপজেলার আদর্শপাড়া গ্রামের নাছির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাফি করল্যাছড়ি বাজারসংলগ্ন ব্রিজ পার হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে ব্রিজ থেকে নিচের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে স্থানীয়দের সহায়তায় রাফিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটিতে শিশু ও পথচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকা জরুরি। দুর্ঘটনা এড়াতে ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হবে।

অক্টোবর ০৮, ২০২৬

আরও পড়ুন

সর্বশেষ