back to top
Tuesday, October 20, 2026

নোয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:৪৬

নুশরাত রুমু, নোয়াখালী :

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, অতিরিক্ত পুলিশ সুপার পিয়ার আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাছিমা হাবিব। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিশু ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানা বলেন, প্রচলিত যৌতুক প্রথার কারণে নারীরা শোষণের শিকার হচ্ছেন। সমাজের প্রান্তিক শ্রেণির পাশাপাশি উচ্চবিত্ত পরিবারেও এ প্রথার বিস্তার রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পিয়ার আহমেদ বলেন, বর্তমান সময়ে উদ্বেগজনক হারে ঘর ছেড়ে পালানোর প্রবণতা বাড়ছে। এর ফলে শিশু-কিশোররা হত্যা ও নানা ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার বলেন, এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করো, মেয়েদের অধিকারে বিনিয়োগ করো’। কন্যাশিশুদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের যত্ন, শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে পরিবারের কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনার পাশাপাশি দেশের সম্পদে পরিণত হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ