তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে RTI Fair 2026।
১৫ অক্টোবর ব্রাইট বাংলাদেশ ফোরাম ও বিটনেকের উদ্যোগে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত ‘সুশীল’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক নাসরিন সুলতানা খানম। প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বাপ্পী চক্রবর্তী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. আনোয়ারা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ।
বক্তারা বলেন, তথ্য অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে সচেতন নাগরিক, দায়িত্বশীল গণমাধ্যম এবং জবাবদিহিমূলক প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। সরকারি সেবা, উন্নয়ন প্রকল্প ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি প্রশাসনিক জবাবদিহি বাড়ানোর পাশাপাশি নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনায় অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, পরিবেশ সুরক্ষা, নগর উন্নয়ন, সরকারি সেবার মান এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর তথ্যপ্রাপ্তির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, লেখক, মানবাধিকারকর্মী, নারী উদ্যোক্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
