back to top
Tuesday, October 20, 2026

বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০২৬ ১৫:০২

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার পশ্চিম চাম্বল, সাধনপুর ও বাণীগ্রাম এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুর্গোৎসবের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকার কাজ করছে। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূজাকে আনন্দমুখর উৎসবে পরিণত করতে সরকার আর্থিক সহযোগিতাও বাড়িয়েছে।

তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের পাশে সরকার রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও উৎসব সফল করতে কাজ করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব উদ্‌যাপন করব। সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোও সম্মিলিতভাবে মোকাবিলা করব।

জেলা প্রশাসক বলেন, বিশ্বকে আমরা জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এ দেশের মানুষ মিলেমিশে উৎসব উদ্‌যাপন করে। বাংলাদেশ সবার- এখানে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক পশ্চিম চাম্বল বাংলা বাজার সার্বজনীন বুড়া কালী মন্দিরের পূজামণ্ডপে যান। সেখানে মণ্ডপের সভাপতি গুরুধন দাসের হাতে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

পরে তিনি শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সাধনপুর পল্লীমঙ্গল সমিতির পূজামণ্ডপ এবং বাণীগ্রাম জগন্নাথধাম সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময়, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত, চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহসহ স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ