আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তারেক আব্দুল্লাহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গত রোববার (১৮ অক্টোবর) তিনি দক্ষিণ বাঁশখালীর শীলকূপ, চাম্বল ও শেখেরখীল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর বাঁশখালীর জলদি পৌরসভা, বৈলছড়ি ও সাধনপুরের বানীগ্রাম এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে তারেক আব্দুল্লাহ বলেন, বাঁশখালী জনপদ বরাবরই সম্প্রীতির জনপদ। এখানে পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় উৎসব সবাই মিলেমিশে উদ্যাপন করেন। দীর্ঘদিনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য।
তিনি আরও বলেন, এবার সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করা। নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
এ সময় তিনি বাঁশখালীর দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
