চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীদের কয়েকজনের পরনে এসআরবির পোশাক ছিল বলে অভিযোগ রয়েছে। সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।
পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় বাঁশখালী থানায় ১৯ অক্টোবর একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ২৭। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
