শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে খাগড়াছড়ির রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়িতে ভক্তদের মধ্যে শান্তির জল, মিষ্টি ও রাখি বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজয়া দশমী উপলক্ষে ভক্তদের শান্তির জল প্রদান ও আশীর্বাদস্বরূপ মন্ত্র পাঠ করান মন্দিরের প্রধান পুরোহিত শ্রী মৃদুল চক্রবর্তী। অনুষ্ঠানে বিজয়া দশমীর শুভেচ্ছা বক্তব্য দেন মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী বাদল চক্রবর্তী এবং সম্মানিত উপদেষ্টা শ্রী কমল মজুমদার ও শ্রী শ্যামল রুদ্র।
বক্তারা বলেন, বিজয়া দশমী অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের বার্তা বহন করে। দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করারও উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দে, অর্থ সম্পাদক শ্রী কাজল দাশ, সহসভাপতি শ্রী টেল চন্দ্র কার্বারি, শ্রী অনিল দত্ত ও শ্রী সাধন চন্দ্র দে, যুগ্ম সম্পাদক শ্রী স্বপন পোদ্দার এবং উপদেষ্টা শ্রী সুনীল চন্দ্র নাথ ও শ্রী অলক শংকর ত্রিপুরা। পরে ভক্তদের মধ্যে শান্তির জল, মিষ্টি ও রাখি বিতরণ করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এবারের দুর্গাপ্রতিমার মূল পরিকল্পনায় ছিলেন শতাব্দ সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিবাকর মজুমদার আকাশ ও ত্রিদ্বীপ ত্রিপুরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দে, অর্থ সম্পাদক শ্রী কাজল দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাত ১১টায় অনুষ্ঠান শেষ হয়। এ আয়োজনের মধ্য দিয়ে রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসবের কর্মসূচি শেষ হয়
