নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৪ হাজার ৫৩২ টাকাসহ মো. হোসেন প্রকাশ কালু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফাতেমা অটো রাইস মিলের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হোসেন প্রকাশ কালুকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ১৪ হাজার ৫৩২ টাকা জব্দ করা হয়।
আটক হোসেন প্রকাশ কালু বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম সাহাব উল্লাহ এবং মায়ের নাম মাহবুদা খাতুন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
