back to top
Sunday, November 22, 2026

জেলা গোয়েন্দা শাখা কর্তৃক প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার: প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর, ২০২৬ ০৬:৪৮

আবদুল হান্নান হীরা

জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হারানো ও চুরি ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে অধিকতর গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে ১০৭টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়, আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। সেই লক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ