back to top
Sunday, November 22, 2026

প্রতিবন্ধী শিশু ও যুবদের নাগরিক সেবা প্রাপ্তি বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

| ২৮ অক্টোবর, ২০২৬ ১১:০৯

প্রতিবন্ধী শিশু ও যুব ও তাঁদের পরিবারের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা গ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের লক্ষ্যে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি এবং লিলিয়ান ফন্ডস এর সহায়তায় চট্টগ্রামে দুটি গণশুনানির আয়োজন করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি)। গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এসব গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক, কমিউনিটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় জন্মনিবন্ধন, প্রতিবন্ধী পরিচয়পত্র ও সুবর্ণ নাগরিক কার্ড প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা ও পুনর্বাসনসেবা গ্রহণ, সরকারি কার্যালয়ের প্রবেশগম্যতা, তথ্যের অভাব এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
সিটি কর্পোরেশনের গণশুনানি: জন্মনিবন্ধন সহজীকরণ ও প্রবেশগম্য নাগরিক সেবার দাবি
২৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ৯, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু ও যুব ও তাঁদের পরিবারের সদস্যরা জন্মনিবন্ধন করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, জন্মনিবন্ধন না থাকায় অনেক প্রতিবন্ধী শিশু ও যুব জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নাগরিক পরিচয়পত্র পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর ফলে তাঁরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণেও বাধার মুখে পড়ছেন।
ডিডিআরসির মাঠপর্যায়ের কর্মী ও সেবাগ্রহীতাদের আলোচনার ভিত্তিতে পরিচালিত তিনটি দলীয় আলোচনা (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্য গণশুনানিতে উপস্থাপন করা হয়। এতে ওয়ার্ড অফিসে র‍্যাম্প ও উপযুক্ত প্রবেশপথের অভাব, প্রয়োজনীয় তথ্য সংগ্রহে অসুবিধা, জমির খতিয়ানসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহের জটিলতা এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য সহজবোধ্য নির্দেশনার অভাবের বিষয়গুলো উঠে আসে।
গণশুনানিতে প্রতিবন্ধী শিশু, যুব ও তাঁদের অভিভাবকেরা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে বারবার ওয়ার্ড অফিসে গিয়েও অনেক সময় জন্মনিবন্ধন সম্পন্ন করা সম্ভব হয় না। জন্মনিবন্ধন ও পরিচয়পত্রের অভাবে শিক্ষা, কর্মসংস্থান, ভাতা এবং অন্যান্য নাগরিক সুবিধা গ্রহণেও তাঁদের সমস্যার সম্মুখীন হতে হয়।
জবাবে ওয়ার্ড সচিব ও জন্মনিবন্ধন সহকারীরা জানান, জন্মনিবন্ধনের কার্যক্রম নির্ধারিত অনলাইন ব্যবস্থা ও বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করতে হয়। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রক্রিয়াটি সহজ করতে তাঁরা সহযোগিতা করার চেষ্টা করেন। প্রয়োজনীয় কাগজপত্র, বয়স ও প্রতিবন্ধিতাসংক্রান্ত তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে যাঁরা ওয়ার্ড অফিসে প্রবেশ করতে পারেন না, তাঁদের সহায়তায় কর্মকর্তাদের সরাসরি এগিয়ে আসার অভিজ্ঞতাও তুলে ধরা হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সহজীকরণে গৃহীত সরকারি উদ্যোগ এবং ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, নাগরিক সেবা গ্রহণে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তিনি সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া সরকারি ভবন, বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের গণশুনানি: ভাতা, পরিচয়পত্র ও সেবার মান উন্নয়নে অশ্বাস।
২৭ অক্টোবর বিকেল ৩টায় চট্টগ্রামের লালখান বাজারের শহিদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণশুনানির আগে পরিচালিত তিনটি দলীয় আলোচনায় চিহ্নিত সমস্যাগুলো সভায় উপস্থাপন করা হয়। আলোচনায় প্রতিবন্ধী পরিচয়পত্র ও সুবর্ণ নাগরিক কার্ড পেতে দীর্ঘসূত্রতা, প্রতিবন্ধী ভাতা প্রাপ্তিতে বিলম্ব, ভাতার অর্থ মোবাইল হিসাবে জমা না হওয়া, থেরাপি ও অন্যান্য সেবা গ্রহণে বাধা এবং সরকারি কার্যালয়ে প্রবেশগম্যতার অভাব বিশেষভাবে উঠে আসে।
১৮ বছর বয়সের পর ভাতা-সংক্রান্ত প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র এবং নিজ নামে নিবন্ধিত মোবাইল সিমের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে মোবাইলে আসা এককালীন পাসওয়ার্ড (ওটিপি), ব্যক্তিগত তথ্য ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি সেবা গ্রহণের জন্য অননুমোদিত ব্যক্তিকে অর্থ প্রদান না করার বিষয়েও সেবাগ্রহীতাদের সতর্ক করা হয়।
গণশুনানির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে সেবাপ্রাপ্তি সহজীকরণ, সরকারি প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা নিশ্চিতকরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ আচরণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জনাব মোহাম্মদ উমর ফারুক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসিডি-৩ এর অফিসার জনাব আশরাফ উদ্দিন।
প্রতিবন্ধীবান্ধব ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার আহ্বান
দুটি গণশুনানিতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সরকারি সেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে সেবাগ্রহীতাদের অভিযোগ শোনা, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি হয়।
ডিডিআরসির মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শুধু সেবা প্রদানের সুযোগ থাকাই যথেষ্ট নয়; সেবাগুলো হতে হবে সহজলভ্য, প্রবেশগম্য, তথ্যসমৃদ্ধ, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন। এ জন্য জন্মনিবন্ধন ও পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া সহজ করা, ভাতা প্রদানের দীর্ঘসূত্রতা কমানো, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো উন্নয়ন, সেবাকেন্দ্রে সহায়ক ব্যবস্থা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সম্মানজনক আচরণ প্রতিষ্ঠা করা জরুরি।
ডিডিআরসি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের মধ্যে এ ধরনের নিয়মিত সংলাপ ও সমন্বয় জোরদার হলে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির বাধা কমবে এবং তাঁদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

সর্বশেষ