নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। কূপটির দুটি জোনে আনুমানিক ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। গত ৮ জুলাই বাপেক্সের নিজস্ব বিজয়-১০ রিগ দিয়ে কূপটির খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের খনন শেষে কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত পৌঁছায়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
বাপেক্স সূত্র জানায়, কূপটিতে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। সফল পরীক্ষা শেষে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
সুন্দলপুর সাউথ-১ কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো খনিজ পদার্থ রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষা করা হবে।
