চট্টগ্রামের বাঁশখালীতে অনুমোদনহীনভাবে নকল চকলেট ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে বিপুল পরিমাণ চকলেট, ক্যান্ডি, খাদ্যপণ্যের মোড়ক ও উৎপাদনসামগ্রী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা এলাকার চুইরগ্গারো বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) শাহরিয়ার কবির টিপু, পরিদর্শক (মেট্রোলজি) এম এ আল নোমান, ফিল্ড অফিসার (সিএম) মো. হাসিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাছির এবং স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কোনো ধরনের বৈধ অনুমোদন ও বিএসটিআই সনদ ছাড়াই ওই বাড়িতে কারখানা স্থাপন করে নকল চকলেট ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। এসব পণ্যে ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে শিশুদের জন্য তৈরি এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
অভিযান চলাকালে কারখানাটি থেকে পাঁচ কার্টন সফট ক্যান্ডি, পাঁচ লাখ পিস ওটস বার নাটসের প্যাকেট, এক লাখ ৪০ হাজার পিস পণ্যের মোড়ক, কুমারিকা তেল, ওট চকো সফট মিক্সড ফ্লেভার, সেলিবেস্ট কোকোনাট ফ্লেভার ক্যান্ডি, ওটবার ক্রিসপি অ্যান্ড টেস্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করা হয়। পরে অবৈধ উৎপাদন ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ও ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ও ৪৮ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ও ৩০ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ও ৩০ ধারায় আরও ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুই আইনে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে ইউএনও মো. রুহুল আমীন বলেন, ‘শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানা ও ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
