এসএসসি ব্যাচ ৯৩ নিয়ে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। কথাগুলো হয়তো কারও ভালো লাগবে, কারও কাছে অপ্রিয় মনে হতে পারে। তবু দীর্ঘদিনের কিছু উপলব্ধি ও অভিমান থেকে কথাগুলো বলা প্রয়োজন মনে করছি।
আমরা ব্যাচের বন্ধুরা মিলে অনেকগুলো গ্রুপ তৈরি করেছি। ব্যাচভিত্তিক এসব গ্রুপের উদ্যোগে নিয়মিত অনুষ্ঠান হচ্ছে, মিলনমেলা হচ্ছে, নানা ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। নতুন নতুন উদ্যোগও সামনে আসছে। এসব আয়োজন নিঃসন্দেহে আনন্দের। পুরোনো বন্ধুদের দেখা হচ্ছে, গল্প হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। অনেকেই নিজেদের সামর্থ্য ও উদ্যোগ দিয়ে সুন্দর আয়োজন করছেন। তাঁদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ।
কিছুদিন আগে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরাও একটি সুন্দর অনুষ্ঠান করেছেন। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানাই। তাঁরা অবশ্যই প্রশংসা ও কৃতিত্ব পাওয়ার যোগ্য।
কিন্তু এতসব আয়োজনের ভিড়ে একটা প্রশ্ন বারবার মনে আসে। আমরা কি আমাদের মূল লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি?
আমাদের স্বপ্নগুলো কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল?
একসময় আমাদের অনেক বড় বড় পরিকল্পনা ছিল। আমরা বলেছিলাম, বন্ধুদের জন্য একটি বৃদ্ধাশ্রম করব। একটি হাসপাতাল প্রতিষ্ঠা করব। কোনো বন্ধু অসুস্থ হলে, বিপদে পড়লে কিংবা আর্থিক সংকটে থাকলে সবাই মিলে তাঁর পাশে দাঁড়াব। একজন বন্ধুর বিপদে আরেকজন বন্ধু হবে সবচেয়ে বড় ভরসা। আমাদের বন্ধুত্ব শুধু আড্ডা, অনুষ্ঠান আর ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর চেয়ে অনেক বড় কিছু হবে।
কিন্তু বাস্তবতা হলো, সেই স্বপ্নগুলোর খুব বেশি কিছু আমরা বাস্তবায়ন করতে পারিনি।
একসময় আমি নিজেও এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছি। সবাইকে নিয়ে কিছু করার আগ্রহ ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝেছি, একজন এগিয়ে এলে অন্যরা সব সময় সেভাবে এগিয়ে আসেন না। কারও উদ্যোগে সবাই একসঙ্গে যুক্ত হওয়া, দায়িত্ব নেওয়া কিংবা দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
এ ব্যর্থতার দায় আমি সব অন্যদের ওপর চাপাতে চাই না। আমার নিজেরও দায় আছে। আমি যতটা চেষ্টা করেছি, হয়তো ততটা করতে পারিনি। তবে মনে করি, এটি শুধু আমার একার ব্যর্থতা নয়, আমাদের ব্যাচভিত্তিক গ্রুপগুলোর সম্মিলিত ব্যর্থতাও।
আজ আমাদের বিভিন্ন গ্রুপে বছরে এক-দুটি অনুষ্ঠান হচ্ছে। সামনে আরও অনেক আয়োজন হবে। আমিও হয়তো সেসব অনুষ্ঠানে অংশ নেব। বন্ধুদের সঙ্গে দেখা হবে, ভালো সময় কাটবে। এসবের প্রয়োজন আছে, আনন্দও আছে। কিন্তু প্রশ্ন হলো, এই আয়োজনগুলোর বাইরে আমরা বন্ধুদের জন্য কী করছি? একজন বন্ধু অসুস্থ হলে আমরা কতটা পাশে দাঁড়াচ্ছি? কোনো বন্ধু আর্থিক বা পারিবারিক সংকটে পড়লে আমাদের সম্মিলিত উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে?
আমার কাছে বন্ধুত্বের সবচেয়ে বড় মূল্যায়ন হওয়া উচিত বিপদের সময়। যে বন্ধু ভালো সময়ে পাশে থাকে, সে প্রিয়। কিন্তু যে বন্ধু দুঃসময়ে হাত বাড়িয়ে দেয়, তার মূল্য অন্যরকম। সেই সাথে দেশ ও সমাজের জন্য কাজ করা।
সত্যি বলতে, এসব কারণে এসএসসি ৯৩ ব্যাচের গ্রুপগুলোর প্রতি আগের মতো সেই আবেগটা এখন আর কাজ করে না। এটা বলতে আমার খারাপ লাগছে। কারণ এই ব্যাচের সঙ্গে জড়িয়ে আছে জীবনের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক বন্ধুত্ব।
আমাদের বয়স বাড়ছে। সময়ও থেমে নেই। আজ যে কাজগুলো করার সামর্থ্য, সুযোগ ও শক্তি আমাদের আছে, কয়েক বছর পর হয়তো সেগুলো করার সুযোগ থাকবে না। তাই এখনই ভাবার সময়, আমরা কি শুধু নিজেদের মধ্যে দেখা-সাক্ষাৎ আর অনুষ্ঠান করেই জীবনটা পার করে দেব, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিংবা অন্তত নিজেদের বন্ধুদের জন্য অর্থবহ কিছু রেখে যাব?
আমি কাউকে ছোট করতে চাই না, কারও উদ্যোগকে খাটো করতেও চাই না। বরং যারা সময়, শ্রম ও অর্থ দিয়ে এসব আয়োজন করছেন, তাঁদের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি।
আমার কষ্টটা অন্য জায়গায়। আমাদের অনেক সম্ভাবনা ছিল, অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যে সম্মিলিত উদ্যোগ, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রয়োজন, তার অভাব আমরা কাটিয়ে উঠতে পারিনি।
হয়তো ভবিষ্যতে পারব। হয়তো আবার সবাই একসঙ্গে দাঁড়াব। কিন্তু সেই আশার জায়গাটাও দিন দিন দুর্বল হয়ে আসছে।
একটা কথা বিশ্বাস করি, বন্ধুত্বের সার্থকতা শুধু একসঙ্গে আনন্দ করার মধ্যে নয়, একে অপরের জীবনে অর্থবহ হয়ে ওঠার মধ্যেও।
আমাদের আয়োজন থাকুক, আনন্দ থাকুক, মিলনমেলা চলুক। কিন্তু সেই সঙ্গে আমাদের পুরোনো স্বপ্নগুলোও বেঁচে থাকুক। কারণ একদিন যখন পেছনে ফিরে তাকাব, তখন শুধু কতগুলো অনুষ্ঠান করেছি, কতজন একসঙ্গে ছবি তুলেছি, সেটাই যেন আমাদের অর্জনের হিসাব না হয়।
বরং গর্ব করে বলতে চাই, আমরা আমাদের একজন বন্ধুকেও বিপদের দিনে একা ফেলে আসিনি। দেশ ও সমাজের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমরা একসঙ্গে এমন কিছু করেছি, যা আমাদের বন্ধুত্বকে শুধু স্মৃতিতে নয়, মানুষের উপকারে বাঁচিয়ে রেখেছে।
এই অপূর্ণতার বেদনা হয়তো আমার সারা জীবন থেকে যাবে।
