কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নির্ধারণে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘সুগন্ধা’য় শনিবার ( ৭ নভেম্বর) এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক, সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা চকরিয়া উপজেলার বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে এবং সনাক সদস্য জামাল সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ইয়েস সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন টিআইবির চট্টগ্রাম ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। বিগত সময়ে বাস্তবায়িত কার্যক্রমের অর্জন, ফলাফল ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থাপনা করেন সনাক-টিআইবি, চকরিয়ার প্রোগ্রাম বাস্তবায়ন সহকারী (পিআইএ) সাদিয়া নুসরাত।
দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন সনাক সহ-সভাপতি জিয়া উদ্দিন, সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী ও বুলবুল জান্নাত শাহীন, ইয়েস উপ-কমিটির আহ্বায়ক ফয়সাল উদ্দিন আহমেদ এবং সনাক সদস্য ফরিদ উদ্দিন, জারিয়াতুল মোস্তফা ও বশির আহমদ প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে স্বেচ্ছাব্রতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সমমনা সংগঠন ও সেবাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর নেটওয়ার্কিং জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সেবাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মুক্ত আলোচনায় সনাক সদস্যদের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে মো. রিয়াদ উদ্দিন ও দলনেতা নাসরিন সোলতানা তাঁদের মতামত তুলে ধরেন। এ ছাড়া বিভিন্ন এসিজির প্রতিনিধিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসিজির সমন্বয়ক রবিউল হাসান, ভূমি এসিজির সমন্বয়ক মামুনুর রশিদ, স্বাস্থ্য এসিজির সদস্য কহিন আল ইসলাম, রিংভং দক্ষিণ পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির সমন্বয়ক সুখী রানী দাশ, শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির সমন্বয়ক ওয়াহেদ বিন তুষার, পূর্ব কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির সমন্বয়ক নাহিদা জান্নাত, চিরিঙ্গা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির সমন্বয়ক মোহাম্মদ রুবেল, শাক্যমুনি উচ্চ বিদ্যালয় এসিজির সমন্বয়ক আজিজুল হক, দিগরপানখালী উচ্চ বিদ্যালয় এসিজির সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, সাহারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসিজির সমন্বয়ক আবদুল মান্নান হাবিবী, বদরখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসিজির সমন্বয়ক আহসান হাবিব জিদান এবং পরিবেশবিষয়ক এসিজির সমন্বয়ক নুরুল হুদা মানিক প্রমুখ তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মএলাকায় দুর্নীতি প্রতিরোধ ও সেবার মানোন্নয়নে পরিচালিত কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরেন। তাঁরা দুর্নীতিবিরোধী আন্দোলনকে টেকসই করতে স্বেচ্ছাব্রতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় পর্যায়ে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সমমনা সংগঠনগুলোর অংশগ্রহণে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। একই সঙ্গে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীল উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অভিজ্ঞতা বিনিময় সভার প্রথম পর্বের সমাপ্তি ঘটে। বিকেলে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
