মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে নির্মাণকাজ পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে শুনানি ও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ জরিমানার আদেশ দেন।
জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ ওঠে মীর গ্রুপের বিরুদ্ধে। গত ১৯ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করা হয় এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের আদেশে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র বা সাইট ক্লিয়ারেন্স গ্রহণ না করেই রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা প্রচলিত পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।
অধিদপ্তরের প্রাথমিক পরিদর্শনে কয়েক দিন ধরে পাহাড় থেকে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর তথ্য পাওয়া গেছে।
এদিকে শুনানিতে মীর গ্রুপের পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু। তিনি জানান, শুনানিতে তাঁরা অধিদপ্তরের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এরপরও প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় পাহাড় কাটার ঘটনা ঘটলে মামলা করা হবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এটি দ্বিতীয়বার জরিমানার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন প্রতিষ্ঠানটির মালিকানাধীন মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে একই অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।
পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপের পর স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটা বন্ধে কী ধরনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
