চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ছয়টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন রহমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রহমতপুর নামক স্থান থেকে ছয়টি ভারতীয় গরু আটক করে। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। ৪৩ বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক, মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি এসব অপরাধের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
