back to top
Sunday, November 22, 2026

ফেব্রুয়ারিতে রাবির ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর

| ১১ নভেম্বর, ২০২৬ ০৮:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

এদিকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আবেদনের ক্ষেত্রে বিশেষ সুযোগ রাখা হয়েছে। উপাচার্য জানান, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের ফলাফল প্রকাশের পর আবেদন করলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।

এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের যোগ্যতায়ও শিথিলতা আনা হয়েছে বলে জানান উপাচার্য।

নতুন যোগ্যতা অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০।

আরও পড়ুন

সর্বশেষ