back to top
Sunday, November 22, 2026

বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ

| ১১ নভেম্বর, ২০২৬ ১১:০০

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫ কোটি ডলারের অর্থায়ন চেয়েছে বাংলাদেশ সরকার। এ উদ্যোগে দক্ষিণ কোরিয়াও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে। এডিবি ও কোরিয়ার যৌথ অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রস্তাবিত কর্মসূচির আওতায় বাংলা ভাষার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি, কম্পিউটিং অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে তথ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং এ তথ্য জানান। তিনি বলেন, সরকার ও এডিবি ২৫ কোটি ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। তবে অর্থায়নের কাঠামো এবং বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

চিংফেং ঝাং জানান, সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতিও এগিয়েছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য রয়েছে। অন্যদিকে, এআই ও প্রযুক্তি ভিলেজ গড়ে তুলতে কয়েক ধাপে বিনিয়োগের পরিকল্পনা করা হতে পারে। তবে এর আগে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও প্রকল্প প্রস্তুতি শেষ করতে হবে।

সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করে। সেখানে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়।

এ কর্মসূচিতে দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বা কেক্সিমেরও আগ্রহ রয়েছে। সিউলের বৈঠকে দেশটির এলজি এআই রিসার্চ, ফুরিওসাএআই এবং নাভারের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এলজি এআই রিসার্চের তৈরি ‘এক্সাওন’ নামের আঞ্চলিক ভাষাভিত্তিক এআই মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলা ভাষার নিজস্ব এলএলএম তৈরির বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি কম খরচে ও কম বিদ্যুৎ ব্যবহার করে এআই পরিচালনার জন্য ফুরিওসাএআইয়ের বিশেষায়িত চিপ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। তথ্যকেন্দ্র ও ক্লাউড অবকাঠামো তৈরি এবং পরিচালনায় নাভারের অভিজ্ঞতাও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

এডিবির ধারণা, প্রস্তাবিত বাংলা এআই মডেল স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার পাশাপাশি উৎপাদন, পণ্য পরিবহন এবং বাজার সম্প্রসারণেও ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে বিভিন্ন খাতে তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল সেবার কার্যকারিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

চিংফেং ঝাং বলেন, কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি ভিলেজের মধ্যে অংশীদারত্ব গড়ে উঠলে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও নতুন ব্যবসা উদ্যোগের সুযোগ বাড়বে। এতে তৈরি পোশাক খাতের বাইরেও উচ্চমূল্য সংযোজনকারী শিল্পের বিকাশে সহায়তা মিলতে পারে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু প্রযুক্তি অবকাঠামো তৈরি নয়; বরং স্থানীয় দক্ষ জনবল, প্রতিষ্ঠান এবং মানুষের দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি গড়ে তোলা।

এদিকে, বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ বা আইজিএনডি উদ্যোগে বিনিয়োগ আকর্ষণের প্রথম আন্তর্জাতিক প্রচার কার্যক্রম হিসেবে সিউল সফরকে দেখছে এডিবি। সরকারি মালিকানাধীন এ উদ্যোগের মাধ্যমে আগামী ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলারের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আগামী পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।

যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ আইজিএনডি উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে দ্বিপক্ষীয় অংশীদার এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ও এডিবি।

তবে বাংলা ভাষার নিজস্ব এআই মডেল তৈরির প্রস্তাবিত ২৫ কোটি ডলারের কর্মসূচির অর্থায়ন, অনুমোদন ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অর্থায়ন ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই এ উদ্যোগের বাস্তব রূপ নির্ধারিত হবে। সূত্র: চ্যানেল আই

আরও পড়ুন

সর্বশেষ