back to top
Monday, November 23, 2026

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

| ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নির্ধারিত সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানে ১১ কেভি বিদ্যুৎ বিতরণ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। একই সঙ্গে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এসব কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে নির্ধারিত সময়জুড়ে এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুতের ওপর নির্ভরশীল দৈনন্দিন কাজ ও ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে আগেভাগে ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হলে গ্রাহকেরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ