back to top
Monday, November 23, 2026

হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

| ১৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তবে এ ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’। তবে ড্রোনটি কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরএনএ প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কয়েকটি ছবিও সামনে এসেছে। ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হলেও সেগুলোর সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার ইরানের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌ চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সূত্র: আল জাজিরা, আইআরএনএ

আরও পড়ুন

সর্বশেষ