back to top
Sunday, November 22, 2026

নোয়াখালীর সেনবাগে বিদেশি মদ ও দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর, ২০২৬ ০৬:১২

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে ডিএনসি ও এসআরবির যৌথ অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সেনবাগ উপজেলার গাজীরহাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয় এবং এসআরবি-১১, সিপিসি-৩ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মইশাই গ্রামের তাইজুল ইসলাম (২৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, দুই কেজি গাঁজা, একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদের মধ্যে রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১২ বোতল, ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ১২ বোতল এবং রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ২৪ বোতল রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সেনবাগ মডেল থানায় নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ